গৌরীপুর ব্রিজের মাঝখানে গর্ত ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ০১:০৭

রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা-কোলারহাট সড়কের গৌরীপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ব্রিজ ভেঙে গর্ত হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। ফলে দুই মাস ধরে ঝুঁকিপূর্ণ এ ব্রিজ দিয়ে চলাচলে সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছে এলাকাবাসী।

স্থানীয় ওয়ার্ড সদস্য মো. লিটন প্রামাণিক ও মো. চুন্নু খানসহ একাধিক লোক জানান, এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে যাতায়াত করে। ইউপি চেয়ারম্যানকে অবগত করা হয়েছে। ব্রিজটিতে গর্ত হওয়ার ব্যাপারে সদর উপজেলা এলজিইডি অফিসে জানানো হলে তাদের লোকজন এসে দেখে গেছে। কিন্তু এখনো কোনো ফল পাওয়া যায়নি।

সদর উপজেলার এলজিইডি কর্মকর্তা স্বপন কুমার গুহ বলেন, ‘জেলা এলজিইডি অফিস থেকে টেন্ডার আহ্বান করা হয়েছে। শিগগিরই সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের আওতাধীন নিমতলা-কোলারহাট সড়কের গৌরীপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন এলাকার ব্রিজটির নির্মাণ কাজ পুনরায় শুরু করা হবে।’

ইত্তেফাক/নূহু