পাকা হয়েও কাঁচা রাস্তার মতো দশা

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১২:১৫
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের হিন্দুপাড়া থেকে মাগুড়া ইউনিয়নের পারের হাট যাওয়ার রাস্তার খোয়া উঠে গিয়ে বেহাল হয়ে পড়েছে। রাস্তাটি দেখে বুঝে ওঠার উপায় নেয় যে এটি পাকা না কাঁচা রাস্তা। দীর্ঘদিন থেকে প্রয়োজনীয় সংস্কার না করায় পণ্যবাহী ট্রাক ও অন্যান্য যানবাহনসহ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো মানুষ।
 
স্থানীয় সূত্রে ও সরেজমিনে গিয়ে দেখা গেছে, রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার তারাগঞ্জ হাটটি সর্ববৃহৎ একটি হাট। সপ্তাহে প্রতি শুক্রবার ও সোমবার এ হাটটি বসে। উপজেলার মাগুড়া ও চাঁদখানা ইউনিয়নের হাজারো মানুষের পার্শ্ববর্তী রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার তারাগঞ্জ হাটে যাওয়ার একমাত্র রাস্তা হল এটি। কৃষকরা তাদের উৎপাদিত কৃষি পণ্য সমূহ ও গরু ছাগল বিক্রি করার জন্য ওই হাটে যাতায়াত করে। কিন্তু দীর্ঘদিন থেকে রাস্তাটি সংস্কার না করার কারণে এলাকাবাসী চরম ভোগান্তির স্বীকার হচ্ছেন।
 
মাগুড়া ইউনিয়নের সিঙ্গেরগাড়ী গ্রামের আলতাফ হোসেন (অটো চালক) বলেন , তারাগঞ্জ হাটে যাওয়ার জন্য মাগুড়া সিঙ্গেরগাড়ী পারের হাট দিয়ে চাঁদখানা ইউনিয়ন দিয়ে তারাগঞ্জ হাটের দূরত্ব ৮ কিলোমিটার কিন্তু সড়কটি বেহাল হয়ে পড়ায় কিশোরগঞ্জ উপজেলা দিয়ে অতিরিক্ত ৭ কিলোমিটার ঘুরে যেতে হয়।
 
চাঁদখানা উইনিয়নের চেয়ারম্যান হাফিজার রহমান বলেন, 'সড়কটি সংস্কারের জন্য আমি উপজেলা প্রকৌশলীকে বলেছি।' উপজেলা প্রকৌশলী এস এম কেরামত আলী নান্নু বলেন, 'চাঁদখানা গুদির বাজার থেকে মাগুড়া সিঙ্গেরগাড়ি পারের হাট পর্যন্ত সড়কটি দীর্ঘ ১০ বছর আগে করা হয়েছিল। রাস্তা করার দীর্ঘ ১০ বছর হলেও সেটি একবারও সংস্কার না করার ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে রাস্তাটি এ বছর যাতে সংস্কার করা যায় সে ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে।'
 
ইত্তেফাক/এসএস