বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার আগে ও পরে খুলনায় পুলিশের কাজে বাধা প্রদান ও হামলার ঘটনায় বিএনপির ২৮জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৬০-৭০জনের বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে খুলনা সদর থানার এসআই সুজিত মিস্ত্রি বাদি হয়ে এ মামলা দায়ের করেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এম মিজানুর রহমান বলেন, মামলায় মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সিনিয়র সহ-সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম ও জাসাসের কেন্দ্রীয় সহ-সভাপতি মেহেদী হাসান দীপুসহ ২৮জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া মামলায় গত বৃহস্পতিবার আটক হওয়া ১১জনকে গ্রেফতার দেখানো হয়েছে।
তিনি বলেন, গত বৃহস্পতিবার বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় ঘোষণার আগে ও পরে পুলিশের কর্তব্যকাজে বাঁধা প্রদান এবং ইটপাটকেল নিক্ষেপ করার অভিযোগে এ মামলা দায়ের করা হয়। মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে ইতোমধ্যে ১১জনকে আটক করা হয়েছে। অবশিষ্টদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় গত বৃহস্পতিবার ঘোষণার দিন বেলা সাড়ে ১২টার দিকে নগরীর কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং রায় ঘোষণার পর মিছিল করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে কয়েকদফা ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
ইত্তেফাক/এসএস
