পরপর দুই উইকেট তুলে নিয়েছেন মুস্তাফিজুর রহমান। দলীয় ১৭৮ রানে পরপর দুই বলে দিলরুয়ান পেরেরা ও আকিলা ধনঞ্জয়াকে সাজঘরে ফেরান তিনি। দুজনই উইকেটের পেছনে থাকা লিটন দাসের হাতে ধরা পড়েন। তবে হ্যাটট্রিকের আশা জাগিয়েও তা পূরণ করতে পারেননি কাটার মাস্টার। ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে ১১২ রানের লিড নিয়ে খেলতে নামা শ্রীলঙ্কা এ প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৭৮ রান সংগ্রহ করেছে।
দারুণ ফর্মে থাকা কুশল মেন্ডিসকে ফিরিয়ে শ্রীলঙ্কার উদ্বোধনী জুটি ভেঙেছেন আব্দুর রাজাক। বাঁহাতি স্পিনারের বলে এলবিডব্লিউ হয়েছেন শ্রীলঙ্কার ওপেনার (৭)। সফরকারীদের সংগ্রহ তখন ১ উইকেটে ১৯ রান। দিমুথ করুনারত্নের সঙ্গে যোগ দেন ধনঞ্জয়া ডি সিলভা। এর পর দলীয় ৫৩ রাজ্জাকের পর আঘাত আনেন তাইজুল ইসলাম। তিনি ধনঞ্জয়া ডি সিলভাকে ফেরান। আউট হওয়ার আগে সিলভা ২৪ বলে ২৮ রান করেন। দলীয় ৮০ রানে গুনাথিলাকাকে ফেরালেন মুস্তাফিজুর রহমান। আউট হওয়ার আগে গুনাথিলাকা ২৭ বলে ১৭ রান করেন।
এরপর টানা দুই উইকেট তুলে নেন মিরাজ। শ্রীলঙ্কার ৯২ রানের মাথায় করুনারত্মেকে ফেরান তিনি। আউট হওয়ার আগে তিনি ১০৫ বলে ৩২ রান করেন। এরপর ৫৪ বলে ৩০ রান করা চান্দিমালকেও সাজঘরের পথ ধরান মিরাজ। আর ১৮ বল থেকে ১০ রান করা দিকবেলাকে ফেরান তাইজুল। সবশেষ পেরেরা ও ধনঞ্জয়াকে টানা দুই বলে ফেরত পাঠান মুস্তাফিজ।
এর আগে ঢাকা টেস্টের প্রথম দিনে শ্রীলঙ্কাকে ২২২ রানে অলআউট করেছে বাংলাদেশ। পরে শ্রীলঙ্কার বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। মাত্র ১১০ রানে করে দিনের প্রথম সেশনেই অলআউট হয়েছে টাইগাররা। তাই প্রথম ইনিংসে ১১২ রানের লিড পায় লঙ্কানরা।
ইত্তেফাক/কেআই
