তালায় নকলের অভিযোগে ৬ শিক্ষক ও ২ শিক্ষার্থী বহিষ্কার

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৫৯
সাতক্ষীরার তালায় এসএসসি পরীক্ষায় নকলের অভিযোগে দুই শিক্ষার্থী এবং সহায়তা করায় ৬ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। এদিকে নওগাঁর বদলগাছীতে নকল সরবরাহের দায়ে পিয়নের ২ বছরের জেল এবং ২ ছাত্রকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। শনিবার এসএসসি পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
 
এসএসসি ও সমমানের পরীক্ষায় তালা উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে নকল করায় দুই শিক্ষার্থী ও সহায়তা করায় ৬ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। 
শনিবার অনুষ্ঠিত গণিত পরীক্ষায় তালা শহীদ আলী আহম্মেদ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে নকল করার দায়ে শাহিনুর রহমান নামের এক ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। সে জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠের ছাত্র। এছাড়া বালিয়াদহ কেএমএসসি কেন্দ্রে আল-আমিন বিশ্বাস নামের আরেক ছাত্রকে নকল করার দায়ে বহিষ্কার করা হয়েছে। সে দলুয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র।
 
অপরদিকে দাখিল পরীক্ষায় পাটকেলঘাটা আল আমিন ফাজিল মাদ্রাসা কেন্দ্রে পরিক্ষার্থীদের নকলে সহায়তা করার দায়ে ৬ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।
 
বহিষ্কৃত শিক্ষকরা হলেন- পিএস মহিলা মাদ্রাসার শিক্ষক মিজানুর রহমান, মানিকহার মাদ্রাসার নূর হোসেন খান, সারসা মাদ্রাসার লুৎফর রহমান, নগরঘাটা মাদ্রাসার আব্দুস সামাদ, ধানদিয়া মাদ্রাসার শহিদুল ইসলাম এবং কাশিপুর মাদ্রাসার আব্দুল ওয়াদুদ।
তালা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফরিদ হোসেন পরীক্ষা কেন্দ্রের শিক্ষক ও শিক্ষার্থী বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
এদিকে, বদলগাছী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের মহিলা কলেজ শাখায় শনিবার এসএসসি গণিত পরীক্ষায় নকল সরবরাহের দায়ে ওই কলেজের পিয়ন মোশারফ হোসেনকে হাতে নাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ২ বছরের কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম আলী বেগ। যে ২ ছাত্রের কাছে নকল সরবরাহ করা হয় তাদের বহিষ্কার করা হয়েছে। তারা হলো- বৈকুণ্ঠপুর স্কুলের ছাত্র সৈকত হোসেন ও আছির হোসেন। 
 
কেন্দ্র সচিব বদলগাছী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ সিংহ জানান, নকল সরবরাহের দায়ে পিয়নের জেল ও ২ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি