৭ দিন স্কুলে না আসায় এক ছাত্রকে ৩৩০ বার কান ধরে ওঠবোস করিয়েছেন তার মাদ্রাসা শিক্ষক। ভারতের হুগলি জেলার খানাকুল গ্রামে সম্প্রতি এই ঘটনা ঘটে। অসুস্থ অবস্থায় ওই ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সপ্তম শ্রেণির ওই ছাত্র জানায়, ৭ দিন সে মাদ্রাসায় যায়নি। বৃহস্পতিবার মাদ্রাসায় গেলে অঙ্কের শিক্ষক তাকে ৩৩০ বার কান ধরে ওঠবোস করার নির্দেশ দেন। সে জানায়, পেটে অপারেশন হয়েছে। শিক্ষক তার পেটে ঘুষি মারার হুমকি দিলে ভয়ে সে কান ধরে ওঠবোস করে।
এরপর অসুস্থ হয়ে পড়লে রাতে তাকে আরামবাগের এবি নামে একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। পরিবারের দাবি, তার অপারেশনের জায়গার সেলাই ছিঁড়ে গেছে।
এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযুক্ত শিক্ষক শাস্তি দেয়ার কথা স্বীকার করেছেন। প্রধান শিক্ষক ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন। এবিপি আনন্দ।
ইত্তেফাক/ইউবি
