তানোরে বাজারের ব্যাগ থেকে নবজাতক উদ্ধার

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৪১
রাজশাহীর তানোর পৌর এলাকার গুবিরপাড়া থেকে নবজাতক (কন্যা) উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে। 
 
তানোর থানার এসআই মো. মনিরুল ইসলাম বলেন, আজ শনিবার দুপুর আড়াইটার দিকে এক নারী বাড়ি থেকে ছাগল চরানোর জন্য বের হন। যাওয়া পথে তানোর পৌর এলাকার গুবিরপাড়া টেকনিকেল অ্যান্ড বিএম কলেজের অফিস সহকারীর বাসার সামনে রাস্তায় নবজাতকের কান্নার শব্দ পান। দেখতে পান একটি শপিং ব্যাগ, আর ঐ ব্যাগের ভেতর থেকেই কান্নার শব্দ। তখন তিনি এগিয়ে দেখেন লাল কাপড় দিয়ে জড়ানো নবজাতক কন্যা সন্তান। তাকে কোলে তুলে নেন।
 
পরে আশপাশের লোকজন জড় হয়ে তানোর থানা পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে তানোর থানা পুলিশ প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। এসময় গুবিরপাড়া গ্রামের নিঃসন্তান আছিয়া বেগম পুলিশকে জানান তিনি নবজাতকটির দায় ভার নিতে চান। আর কন্যা সন্তানের বয়স ৬/৭ মাস হবে বলে জানান চিকিৎসক।
 
তানোর থানা অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চিকিৎসকদের পরামর্শে নবজাতকের দায়ভার নিতে চাওয়া আছিয়া বেগমের জিম্মায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী নবজাতকের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। 
 
ইত্তেফাক/কেকে