রাজশাহীতে এসএসসির গণিত পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে কলেজছাত্রীকে পুলিশে দিয়েছেন অভিভাবকরা। শনিবার সকাল ১০টায় পরীক্ষা শুরুর আগে পিএন গার্লস স্কুলের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।
গণিত পরীক্ষার প্রশ্নের সঙ্গে ওই কলেজছাত্রীর মোবাইলে পাওয়া প্রশ্নের মিল পাওয়া গেছে বলে জানান নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি আমান উল্লাহ।
ওসি জানান, আটক কলেজছাত্রীর নাম রাবিয়া ইসলাম রিয়া। তিনি রাজশাহী সিটি কলেজের গণিত বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। রিয়া নগরীর শাহ্ মখদুম থানার সন্তোষপুর এলাকার জনৈক আমিনুল ইসলাম বান্নার মেয়ে।
তিনি আরও বলেন, প্রশ্ন ফাঁসের অভিযোগে রিয়া নামের এক কলেজছাত্রীকে আটক করা হয়েছে। তার মোবাইল ফোনে পাওয়া ‘ঘ’ সেট প্রশ্নের সঙ্গে পরীক্ষার মূলপ্রশ্নের মিল পাওয়া গেছে। ৩০টি প্রশ্নের সবগুলো মিল রয়েছে। তার এক ফেসবুক বন্ধু পরীক্ষা শুরুর প্রায় পৌনে এক ঘণ্টা আগে প্রশ্নটি ম্যাসেঞ্জারে পাঠিয়েছে বলে রিয়া পুলিশের কাছে দাবি করেছেন। তবে বিষয়টি যাচাই-বাছাই করে দেখে হচ্ছে। রিয়ার বিরুদ্ধে মামলা করা হবে। তার বন্ধুর সন্ধানে পুলিশ কাজ শুরু করেছে।
পরীক্ষা শুরুর আগেই মোবাইল ফোনে গণিতের একটি প্রশ্ন পরীক্ষার্থীদের দেখান রিয়া। এ সময় তিনি একজনের হাতে একটি অংকের উত্তরও লিখে দেন। এরপর অন্নপূর্ণা কম্পিউটারের দোকানে প্রশ্নটি প্রিন্ট করতে যান। এ সময় বিষয়টি টের পেয়ে ওই দোকানের মালিকের সহযোগিতায় কৌশলে রিয়াকে আটকে রেখে পুলিশকে খবর দেন অভিভাকরা।
ইত্তেফাক/আরকেজি
