বঙ্গবন্ধু উদ্যানে প্রধানমন্ত্রীর জনসভায় গিয়ে দুলাল হাওলাদার (৩৫) নামে নিখোঁজ হওয়া ব্যবসায়ীকে ৪৭ ঘন্টা পর উদ্ধার করেছে তার স্বজনরা। শনিবার সন্ধ্যা ৭টায় বরগুনার আমতলী এলাকায় তার সন্ধান পাওয়া যায়। এই সময় দুলাল অচেতন অবস্থায় ছিল বলে জানিয়েছেন তার চাচা চাঁন মিয়া।
চাঁন মিয়া জানান, বৃহস্পতিবার বিকেলে তিনি জনসভার উদ্দেশ্যে নগরীর পলাশপুরের নিজ বাসা থেকে বের হলেও আর ফিরেননি। এমনকি তার ব্যবহৃত মুঠোফোনের দুটি নম্বরও বন্ধ পাওয়া যায়। নিখোঁজের ঘটনায় শুক্রবার দুলালের স্ত্রী নার্গিস বেগম বরিশাল কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
নিখোঁজ দুলালের চাচা চাঁন মিয়া আরো জানান, দুলাল হাওলাদার পেশায় একজন ব্যবসায়ী। পলাশপুরে নিজের রিকশা এবং গ্যারেজের ব্যবসা রয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে প্যান্ট-শার্ট পড়ে বঙ্গবন্ধু উদ্যানে প্রধানমন্ত্রীর জনসভার উদ্দেশ্যে বের হয়। এরপর থেকেই তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। আশপাশের আত্মীয় স্বজনদের কাছে গত দুই দিন ধরে খোঁজ খবর নেয়া হয়েছে। তবে কোন জায়গায়ই তাকে পাওয়া যাচ্ছিল না। অবশেষে তার সন্ধান মিলে আমতলীতে। আশেপাশের লোকজন জানিয়েছেন সে অচেতন অবস্থায় রয়েছে।
দুলালের স্ত্রী নার্গিস বেগম বলেন, বিকেল ৩টার দিকে জনসভার উদ্দেশ্যে রওয়ানা হন তিনি। রাত ৯টায় তার মোবাইলে কল করা হলে ব্যবহৃত দুইটি নম্বরই বন্ধ পাওয়া গিয়েছিল।
ইত্তেফাক/নূহু
