রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া বিলম্ব হলে জটিলতা সৃষ্টি হতে পারে: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৪২
 
ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী বরিস জনসন বলেছেন, প্রত্যাবাসন প্রক্রিয়ায় বিলম্ব হলে রোহিঙ্গা ইস্যুতে আরও জটিলতা সৃষ্টি হতে পারে। রোহিঙ্গাদের জীবন বাঁচাতে তাদের পাশে দাঁড়ানো এবং মর্যাদার সঙ্গে তাদের দেশে ফিরিয়ে নিতে শেখ হাসিনার অবস্থানের প্রশংসা করেন তিনি।
 
শনিবার দুপুর দেড়টার দিকে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
 
এছাড়া তিনি উখিয়ার বালুখালী-১নং ক্যাম্পে অবস্থানরত আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পরিচালিত হাসপাতালের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। এরপর তিনি বালুখালী-২ ময়নার ঘোনা ক্যাম্পে যান।
 
এসময় তার সাথে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ব্রিটিশ হাইকমিশনার, কুতুপালং শরণার্থী ক্যাম্পের ইনচার্জ রেজাউল করিম, উখিয়া সাকের্ল চাইলাউ মারমা, উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একরামুল ছিদ্দিক।
 
বিকাল সাড়ে তিনটার দিকে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ক্যাম্প ত্যাগ করেন দুইদিনের সফরে বাংলাদেশে আসা ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী।
 
প্রসঙ্গত, ২০১৭ সালের ২৫ আগস্টের পর মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত সহিংসতা ঘটনার পর সাড়ে ১০ লাখ রোহিঙ্গা পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়। আর এই রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাজ্য ও ফ্রান্স যৌথভাবে প্রস্তাব উত্থাপন করেছিল।
 
ইত্তেফাক/আরকেজি