ভিটাবাড়িয়ায় ইটভাটা শ্রমিককে হত্যা

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৮, ০০:৫৪

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ১নং ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠী এলাকায় চাকু মেরে সমিত্র সাধক(২৫) নামে এক ইটভাটা শ্রমিককে হত্যা করা হয়েছে। নিহত সমিত্র সাধকের বাবার নাম মনোরঞ্জন সাধক। শনিবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ শাহাবুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান এনামুল করিম পান্না জানান, সমিত্র সাধকের বাড়ি ৯নং ওয়ার্ডের উত্তর শিয়াল এলাকার গুচ্ছগ্রামের কাছে। শনিবার রাতে সে বাড়ি ফিরছিল। এ সময় একটি বাগানের কাছে সন্ত্রাসীরা সামনে থেকে তার বুকে চাকু মারে। এ সময় সমিত্র চিৎকার দিয়ে জীবন বাঁচাতে দৌড়ে রিকশা চালক সজল বেপারির ঘরে ওঠে।

সজল বেপারী জানান, ঘটনার সময় আমি ভাত খেতে বসেছিলাম। সমিত্রর এ অবস্থা দেখে আমি চিৎকার দেই। তখন আমার প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে হাসপাতালে নিয়ে যায়।

ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ জহিরুল হক জানান, সমিত্রকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার বুকের বাম পাশে চাকু দিয়ে আঘাত করা হয়েছে। আঘাত মারাত্মক হওয়ায় তার মৃত্যু হয়েছে।

নিহত সমিত্রর ভাই মেঘনাথ সাধক জানান, তার ভাই পিরোজপুর সদর উপজেলার হুলারহাট এলাকায় একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতো। শুক্রবার সে বাড়িতে এসেছিল।

ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান এনামুল করিম পান্না, ও স্থানীয় ইউপি সদস্য আঃ জলিল সিকদার জানান, সমিত্র সাধক মাদক মামলায় হাজত খেটে মাস দেড়েক সে ছাড়া পায়। 

ওসি শাহাবুদ্দিন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এ ঘটনার রহস্য উদঘাটন ও এর সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে  রবিবার সকালে জেলা মর্গে পাঠানো হবে।

ইত্তেফাক/নূহু