হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নস্থ শিশু পরিবার ও শেখ রাসেল শিশু কিশোর পূর্ণবাসন ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন সমাজকল্যান প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমদ। ১০ই ফেব্রুয়ারি শনিবার দুপুরে তিনি এ সেইফ হোম পরিদর্শন করেন।
এ উপলক্ষে সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত পরিচালক বন্দনা দাশের সভাপতিত্বে ফরহাদাবাদ সেফহোম মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন সেফহোমের উপ-তত্ত্বাবধায়ক নাজমা আকতার।
প্রধান অতিথির বক্তব্যে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমদ বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে এতিম ও প্রতিবন্ধীদের উপযোগী করে গড়ে তুলছেন দেশের উন্নয়নে অংশীদার করতে। তাদেরকে আলোকিত মানুষ হিসাবে গড়ে তুলতে শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া চর্চা ও তথ্য প্রযুক্তির বিষয়ে যোগ্য করে গড়ে তুলতে হবে।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মো: শহিদুল ইসলাম। সমাজসেবা অধিদপ্তরের পরিচালক ড. নাজনীন কায়সার চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মুমিনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার উননেছা শিউলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ এবং ১ নং ফরহাদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো: ইদ্রিছ মিয়া তালুকদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় শেখ রাসেল শিশু পরিবার এবং সেইফ হোমের হেফাজতীদের মধ্যে খেলাধুলা সামগ্রী ও কম্বল বিতরণ করা হয়।
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি সেফহোম থেকে হেফাজতী পালানোর ঘটনায় মামলার কারণে কর্মরত দুই আনসার সদস্যকে আটক করা হয়। তাদের গাফিলাতির কারনে জেলা কার্যালয় থেকে আনসার নিয়োগ না দেওয়ার বিষয় মন্ত্রীকে অবহিত করলে তিনি ঢাকায় গিয়ে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বস্ত করেন।
ইত্তেফাক/নূহু
