ইন্দোনেশিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২৭, আশঙ্কাজনক অনেকে

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:২৪
 
ইন্দোনেশিয়ায় পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে। আহত ১৮ জনকে হাসপাতালে নেয়া হয়েছে, তবে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
 
রবিবার পুলিশ জানিয়েছে, বাসটিতে কমপক্ষে ৪০ জন যাত্রী ছিল। পশ্চিম জাভা প্রদেশের সুবাং এলাকায় দ্রুত গতিতে বাসটি একটি পাহাড়ি পথ দিয়ে নামছিল। এসময় এটি একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকবার গড়িয়ে থেমে যায়।
 
বাসের যাত্রীরা সবাই ছিলেন স্থানীয় পর্যটক। তারা জাভার বানটেন প্রদেশের দক্ষিণ টাঙ্গিরাং এলাকা থেকে আসছিলেন। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। তবে তারা জানিয়েছেন, হয়তো বাসটির ব্রেক নষ্ট ছিল, তাই সময়মতো এটি কাজ করেনি। খবর এবিসি নিউজ।
 
​ইত্তেফাক/আনিসুর