হজে গিয়েও যৌন হয়রানি, টুইটারে প্রতিবাদের ঝড়

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৪২
 
মুসলিম বিশ্বের গণজমায়েত হজের মতো পবিত্র ধর্মীয় অনুষ্ঠানে গিয়েও যৌন হয়রানির শিকার হতে হয়েছে বলে অভিযোগ করে একদল মুসলিম নারী সামাজিক যোগাযোগ মাধ্যমে এর বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছেন।
 
'মি-টু' আন্দোলনের অনুকরণে তারা সোশ্যাল মিডিয়ায় তাদের এই আন্দোলন চালাচ্ছেন 'মস্ক-মি-টু' হ্যাশট্যাগে। 
IMG0
মিসরীয় বংশোদ্ভূত মার্কিন নারীবাদী লেখিকা এবং সাংবাদিক মোনা এলতাহাউই প্রথম তার অভিজ্ঞতার কথা এভাবে জানান। ২০১৩ সালে হজ করতে গিয়ে তিনি যৌন হেনস্থার শিকার হন।
 
মূলত তাঁর উদ্যোগেই #মস্ক-মি-টু আন্দোলন শুরু হয়েছে। গত ২৪ ঘন্টায় টুই্টারে এই হ্যাশট্যাগটি দু হাজার বারের বেশি রি-টুইট করা হয়েছে। ফার্সি ভাষায় টু্‌ইটারে এটি এখন শীর্ষ দশটি ট্রেন্ডের একটি।
IMG1
ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে কিভাবে ভিড়ের মধ্যে তাদের গায়ে হাত দেয়া হয়েছে বা ধাক্কা দেয়া হয়েছে, ইচ্ছে করে শরীরে শরীর ঘষা হয়েছে, তার বর্ণনা তুলে ধরেছেন অনেক নারী।
 
মুসলিমদের কাছে হজ হচ্ছে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচটি স্তম্ভের একটি। প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের জন্য জীবনে অন্তত একবার হজে যাওয়া কর্তব্য বলে মনে করা হয়। প্রতি বছর প্রায় বিশ লাখ মুসলিম সৌদি আরবে হজ করতে যান। খবর বিবিসি। 
 
ইত্তেফাক/আনিসুর