সামরিক অভিযান চালানোর সময় সিরীয় কুর্দি যোদ্ধারা গুলি করে তুরস্কের একটি হেলিকপ্টার ভূপাতিত করার ঘটনায় দুই তুর্কি সেনা নিহত হয়েছেন। গতকাল শনিবার সিরিয়ার উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটে বলে খবর প্রকাশ করেছে আল জাজিরা।
তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম টেলিভিশন ভাষণে দুই সেনা নিহত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন।
এর আগে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান জানান, দক্ষিণাঞ্চলীয় হাতায় প্রদেশের কাছে একটি সামরিক হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করা হয়েছে। শনিবার ইস্তাম্বুলে তিনি বলেন, এসব ঘটনা ঘটবে, কারণ আমরা যুদ্ধে আছি। আমারা একটি সামরিক হেলিকপ্টার হারাতে পারি কিন্তু এজন্য তাদের মূল্য দিতে হবে।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানায়, স্থানীয় সময় শনিবার দুপুরের দিকে ‘এটিএকে’ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
কুর্দি যোদ্ধাদের সংগঠন ওয়াইপিজের মুখপাত্র মুস্তাফা বালি বার্তা সংস্থা এপিকে বলেন, সিরিয়ার আফরিন শহরের উত্তর-পশ্চিমাঞ্চলে রাজু এলাকায় তাদের যোদ্ধারা হেলিকপ্টারটি গুলি করে মাটিতে ভূপাতিত করে। খবর আলজাজিরা।
ইত্তেফাক/আনিসুর
