রাজশাহীতে দুই বাসের সংঘর্ষে চালক নিহত

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৩৯
রাজশাহীর গোদাগাড়ীতে দুইটি ঢাকা কোচের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছেন। আজ রবিবার সকাল ৭টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার সারেংপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম বিলাশ (২৭)। তিনি নাটোর জেলার গুরুদাশপুর উপজেলার  খামানাশপুর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে। তিনি ‘হানিফ এন্টার প্রাইজ’ বাসের চালক বলে পুলিশ জানিয়েছে।
 
গোদাগাড়ী থানার পুলিশ পরিদর্শক আলতাফ হোসেন জানান, সকালে হানিফ এন্টারপ্রাইজ নামের বাসটি ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। একই সময় একতা ট্রান্সপোর্টের আরেকটি বাস রাজশাহী যাচ্ছিল। পথে সারেংপুর এলাকায় হানিফ এন্টারপ্রাইজ ও একতা ট্রান্সপোর্টের কোচের মধ্যে মুখোমুখি সংঘর্ষে একটি বাড়ির ভেতর ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই বাসচালক বিলাশ নিহত হন। এ সময় দুই বাসের দুই যাত্রীসহ আরও চারজন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
 
পরিদর্শক আলতাফ হোসেন জানান, নিহত ব্যক্তির লাশ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তাস্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস দুটিও জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
 
ইত্তেফাক/কেকে