পিরোজপুরে পুলিশের তাড়া খেয়ে স্বেচ্ছাসেবক দলের নেতার মৃত্যু

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:২৩
পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে পিরোজপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান বাবরের (৩৫) মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতে শহরের শেখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
 
পুলিশ পিরোজপুর শহরের শেখপাড়া ও মধ্যরাস্তা এলাকায়  বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতার করতে কয়েক দিন ধরে অভিযান চালায়। স্থানীয় লোকজন ও পারিবারিকসূত্রে জানা গেছে, এর এক পর্যায়ে গত শনিবার রাত ৯টার দিকে পিরোজপুর সদর থানার একদল পুলিশ শেখপাড়া এলাকার বাবরের বাড়িতে যান। এসময় তিনি দৌড় দিয়ে বাড়ির পিছনের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পুকুরে পড়ে যান। এসময় পুলিশ বাবরের স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করে বলে অভিযোগ পাওয়া গেছে। পরিবারের লোকজন অচেতন অবস্থায় বাবরকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়।
 
পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক ডাঃ ইশতিয়াক আহমেদ বলেন, রাত ১০টার দিকে বাবরকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।
 
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক বাবরের মৃত্যুর সঙ্গে পুলিশের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে বলেন, শনিবার রাতে শহরে পুলিশের কোনো অভিযান ছিল না।