মোবাইল ফোন ও ফেসবুকের মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ এবং মুক্তিপণ আদায়ের অভিযোগে নারীসহ ৫জনকে আটক করেছে পুলিশ। মাদারীপুরের রাজৈর উপজেলার চানপট্টি এলাকা থেকে শনিবার রাতে তাদের আটক করা হয়।
তারা হচ্ছেন- হোসেনপুর ইউনিয়নের বাটিয়ারকান্দা গ্রামের শাজাহান শেখের মেয়ে সুমাইয়া আক্তার (২৪), দক্ষিণ চানপট্রি গ্রামের আপেল শেখের ছেলে বাবুল শেখ (৩৮), শের আলী মুন্সির ছেলে সাইদুর রহমান মুন্সি (২৮), শাজাহান আলী মাতুব্বরের ছেলে ইকবাল মাতুব্বর (২৩) ও জাকির মাতুব্বরের ছেলে রফিক মাতুব্বর (২০)।
পুলিশ জানায়, চানপট্টি এলাকায় একটি সংঘবদ্ধ প্রতারক চক্র অনেক দিন ধরে মোবাইল ফোন ও ফেসবুকের মাধ্যমে প্রেমের ফাঁদ ফেলে অপহরণ এবং মুক্তিপণ আদায় করছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে নারীসহ প্রতারক চক্রের ৫সদস্যকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে ল্যাপটপ ও কয়েকটি মোবাইল ফোন পাওয়া যায়। এই চক্রটি অনেক দিন ধরে এ ঘটনা ঘটিয়ে আসছে বলে জানা গেছে।
রাজৈর থানার ওসি জিয়াউল মোর্শেদ বলেন, তাদের বিরুদ্ধে রাজৈর থানায় মামলা করা হয়েছে।
