বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রায় ও সাজাকে কেন্দ্র করে বিএনপি সহিংস আন্দোলন না করায় সরকারি দল হতাশ হয়েছে। আওয়ামী লীগ চেয়েছিল খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা গাড়ি ভাংচুর করুক। আর গাড়ি ভাংচুর করলেই এই সুযোগের আওয়ামী লীগ গাড়িতে আগুন দিয়ে মানুষ মারতো আর দোষ চাপাতো বিএনপির ওপর। যেহেতু রায় ও সাজাকে কেন্দ্র করে বিএনপি কোনও সহিংস আন্দোলন যায়নি, তাই সরকারি দল হতাশ।
রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি’ শীর্ষক এক চিকিৎসক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
নজরুল ইসলাম খান বলেন, আমরা সহিংস আন্দোলন করছি না বলে সরকারের মন্ত্রীরা বলছেন রায় ও সাজা নিয়ে তেমন কোনো প্রতিক্রিয়া দেখছেন না। আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই ৭৫'র বঙ্গবন্ধুর নৃশংস হত্যার পর আপনাদের প্রতিক্রিয়া কোথায় ছিল। তখন সংসদে আপনাদের ৩০০ জন এমপি ছিল, আপনারা ছাড়া দেশে কোনো রাজনৈতিক দলও ছিল না, তাহলে কেন দেশের কোনো প্রত্যন্ত অঞ্চলেও প্রতিবাদ করতে পারেননি।
তিনি বলেন, খালেদা জিয়া সুবিচার পাননি। সুবিচার হবে কীভাবে? এর আগে তারেক রহমানকে একটি মামলায় একজন বিচারপতি খালাস দেয়ায় তাকে দেশ ছাড়তে হয়েছিল। প্রধান বিচারপতিকেও রোগী বানিয়ে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। তাহলে বিচারপতিরা কীভাবে সরকারের ইচ্ছার বিরুদ্ধে রায় দিবে।
সংগঠনের সহ-সভাপতি ডা. আবদুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, ডা. জেড এম জাহিদ হোসেন, বিএনপি নেতা কাদের গনি চৌধুরী প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
