চাঁদা চাওয়ায় যুবলীগ নেতাকে মারধর

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৮, ২১:১৯
 
চাঁদা চাওয়ায় কালিয়ায় যুবলীগ নেতা হাফিজুর রহমানকে (৪৫) মারধর করা হয়েছে। রবিবার সকালে উপজেলার কলাবাড়িয়া গ্রামে এ ঘটনা। আহতকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় হাফিজুরকে আসামি করে চাঁদাবাজির অভিযোগ করেছেন ঠিকাদার সাইফুল ইসলাম। 
 
কলাবাড়িয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক হাফিজুর কলাবাড়িয়া গ্রামের মৃত হাসেম মোল্যার ছেলে। 
 
ঠিকাদার সাইফুল ইসলাম জানান, তিনি উপজেলার কলাবাড়িয়া ইউপি ভবনের সামনে থেকে বিলধুড়িয়া সড়কের কার্পেটিং নির্মাণের কাজটি প্রায় ৩ মাস আগে শুরু করেন। রাস্তার কাজ শুরু করার পরই কলাবাড়িয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক হাফিজুর রহমান বিপ্লব তার কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করতে থাকে। 
 
তিনি হাফিজুরকে নগদ ও বিকাশের মাধ্যমে ১৫ হাজার টাকা চাঁদাও দেন। চাঁদার বাকি টাকা আদায় করতে হাফিজুর তাকে নানা ভাবে হুমকি দিয়ে আসছিলেন। চাঁদার দাবিতে রবিবার সকালে শ্রমিক সরদার নাজির হোসেন মোল্যাসহ কয়েকজনকে মারধর করেন হাফিজুর। পরে শ্রমিকরাও তাকে মারধর করে।
 
হাফিজুর চাঁদা চাওয়ার বিষয়টি অস্বীকার করে জানান, কলাবাড়িয়া গ্রামের কবির তালুকদারের ছেলে গিয়াস তালুকদারের নেতৃত্বে ১০/১৫জনের একদল লোক কোদাল ও কুড়ালের বাট দিয়ে তাকে পিটিয়ে আহত করাসহ তার বাড়িঘর ভাংচুর করেছে। বিএনপি-জায়ামাতের লোকদের বিরুদ্ধে পুলিশের কাছে নাশকতা সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগ করার কারণে তার ওপর এ হামলা চালানো হয়।  
 
নড়াগাতি থানার ওসি মো. বেলায়েত হোসেন বলেছেন, রাস্তার কাজে ঠিকাদারের কাছ থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঠিকাদারসহ শ্রমিকদের লিখিত অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 
 
ইত্তেফাক/আরকেজি