ডোমারে প্রসাদ খেয়ে অসুস্থ অর্ধশতাধিক

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৪৮
 
ডোমার উপজেলায় প্রসাদ খেয়ে শিশু ও বৃদ্ধসহ প্রায় অর্ধশতাধিক অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার সন্ধ্যায় উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের নয়ানী বাগডোগড়া সাধুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
 
রবিবার সকালে ২৫জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও দুপুরে ৭জনের অবস্থা গুরুতর হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
 
পূজা প্রদানকারী সুরধ্বনী রায় বলেন, নাতি দিলিপ রায় সমাপনী পরীক্ষায় ভালো ফল করায় আমি মন্দিরে কলা, চিড়া, দই, চিনি দিয়ে প্রসাদ তৈরি করে পূজা দেই। প্রসাদ খাওয়ার পরে রাত নয়টা হতে অধিকাংশের বমি ও পাতলা পায়খানা হতে থাকে।
 
বোড়াগাড়ি ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ জানান, রাত বাড়ার সাথে সাথে প্রায় অর্ধশতাধিক অসুস্থ হয়ে পড়েন। অনেকে প্রাথমিক চিকিৎসা নেয় এবং গুরুতর অবস্থায় রবিবার সকালে প্রায় ২৫জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অসুস্থ অধিকাংশই শিশু।
 
উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. নাছিমা হক ও দায়িত্বরত চিকিৎসক ডা. মাসুমা আস-সাদিকা বলেন, অসুস্থদের আমরা যথাসাধ্য চিকিৎসা দিয়েছি। উন্নত চিকিৎসার জন্য ৭জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। ওই এলাকায় একটি মেডিকেল টিম কাজ করছে। 
 
ইত্তেফাক/আরকেজি