সাভার উপজেলার আশুলিয়ায় একটি বিদেশী মালিকাধীন মোজা তৈরির কারখানায় পূর্ব নির্ধারিত তারিখে বেতন না দেওয়ায় বিক্ষোভ ও ভাংচুর চালিয়েছে শ্রমিকরা। এ ঘটনায় সংঘর্ষের আশঙ্কায় আজ কারখানাটিতে সাধারণ ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। গতকাল রবিবার বিকেলে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের বেরণ এলাকায় চায়না মালিকানাধীন হুজো বাইজি গ্রুপের মোজা তৈরির কারখানায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কারখানাটিতে প্রায় সাড়ে আট শতাধিক শ্রমিক কাজ করে। আজ রবিবার শ্রমিকদের জানুয়ারি মাসের বেতন দেওয়ার কথা ছিলো। কিন্তু মালিকপক্ষ অনিবার্য কারনে এদিন বেতন দিতে পারবে না বলে শ্রমিকদের জানিয়ে দেয়। বেতন না পেয়ে ক্ষুদ্ধ হয়ে শ্রমিকরা কারখানার ভিতরে বিক্ষোভ করে ও কারখানার জানালাসহ বিভিন্ন স্থানে ভাংচুর চালায়।
খবর পেয়ে আশুলিয়া শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ধাওয়া দিয়ে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় সংঘর্ষের আশঙ্কায় আজ রবিবার কারখানায় এক দিনের জন্য ছুটি ঘোষণা করে মালিকপক্ষ। পরে শ্রমিকরা বাড়ি ফিরে যায়। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, আগামীকাল সোমবার শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে।
যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
ইত্তেফাক/নূহু
