নিকলীতে জোড়া খুন, ঘাতকের স্বীকারোক্তি

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:৫৬

কিশোরগঞ্জের নিকলীর জোড়া খুনের মামলার একমাত্র আসামি শওকত (৩৫) আজ রবিবার (১১ ফেব্রুয়ারি) বিকালে খুনের দায় স্বীকার করে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

কিশোরগঞ্জের ৪নং আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট  আব্দুস নূর নিজ খাস কামরায় তার জবানবন্দি রেকর্ড করেন।

মামলার তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, পারিবারিক কলহ, সন্দেহ প্রবণতা ইত্যাদি কারণে দুই দিন আগে ওমান থেকে ফেরত আসা শওকত ধারালো ছুরি দ্বারা তার স্ত্রী আয়েশা ও স্ত্রীর ভাবী সালমাকে জবাই করার কথা আদালতে স্বীকার করেছে।

ওই ঘটনার আকস্মিতায় বাড়ির লোকজন কিছু বুঝে উঠার আগেই  পালিয়ে যাওয়ার চেষ্টা করলে লোকজন রক্তমাখা ছুরিসহ শওকতকে  আটক করে।

এ ব্যাপারে নিহত আয়েশার পিতা গোলাপ মুন্সি বাদি হয়ে নিকলী থানায় একটি মামলা দায়ের করেন।

নিকলী থানার ওসি মো. নাসিরউদ্দিন ভুঁইয়া আসামির আদালতে স্বীকারোক্তি প্রদানের তথ্যটি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু