পূর্বধলায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল নবম শ্রেণির ছাত্রী

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ০০:৪৭

নেত্রকোনার পূর্বধলায় গতকাল রবিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নমিতা দে’র হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল ফারজানা আক্তার মনি নামের নবম শ্রেণির এক ছাত্রী। মনি উপজেলার আগিয়া ইউনিয়নের টিকুরিয়া গ্রামের আজিম উদ্দিনের মেয়ে ও মৌদাম সেসিপ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

জানা গেছে, ফারজানা আক্তারের পরিবার পাশ্ববর্তী জারিয়া ইউনিয়নের পূর্বমৌদাম গ্রামের আজিম উদ্দিনের ছেলে দশম শ্রেণির ছাত্র মাজহারুল ইসলামের সাথে তার বিয়ের দিন তারিখ ধার্য করে। রবিবার সন্ধ্যায় কনের বাড়িতে বিয়ের আয়োজনও চলছিল।

খবর পেয়ে রাত ৮টার দিকে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নমিতা দে’র নেতৃত্বে থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ সঙ্গীয় ফোর্সসহ ওই বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে উক্ত বিয়ে পণ্ড করে দেন। এ সময় কনের মা-বাবার কাছ থেকে মেয়েকে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে বিয়ে দেবেন না বলে মুচলেকা নেন নির্বাহী কর্মকর্তা।

ইত্তেফাক/নূহু