জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার কারাদণ্ডের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মহানগর বিএনপি। সোমবার বেলা ১১টার দিকে রাজশাহী মহানগরীর মালোপাড়া এলাকার দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে মহানগর বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন প্রমুখ বক্তব্য দেন।
এ সময় সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, খালেদা জিয়ার কারাদণ্ডের রায়ে গোটা জাতি আজ ক্ষুব্ধ, বিস্মিত। আজকে বাংলাদেশের সমস্ত মানুষ দেশনেত্রী খালেদা জিয়ার পক্ষে ঐক্যবব্ধ। আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে ছাড়বো।’
ইত্তেফাক/এএম
