কুড়িগ্রামের রৌমারীতে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য জাকির হোসেন (২১) নামে একজন নিহত হয়েছেন। এ সময় সঙ্গে থাকা কলেজ ছাত্র জুয়েল (১৯), প্রিন্স (১৯) ও নায়েক (১৯) আহত হয়েছেন।
সোমবার দুপুর একটার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের ডিসি রাস্তার শিবেরডাঙ্গী নামক স্থানে মোটর সাইকেলের সাথে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে উপজেলার গোলাবাড়ী গ্রামের আব্দুল মোমেনের ছেলে সেনাবাহিনীর সদস্য জাকির হোসেন (২১) নিহত হন। একই গ্রামের আইনুদ্দিনের ছেলে কলেজছাত্র জুয়েল (১৯), সাওখায়াত হোসেন সবুজের ছেলে প্রিন্স (১৯) ও নায়েক (১৯) আহত হয়েছেন।
নিহত পরিবার সূত্রে জানা যায়, নিহত সেনাবাহিনীর সদস্য জাকির হোসেন ২ বছর ধরে ৩৬ আর্টিলারি রাজ্যন্দ্রপুর গাজীপুর সেনানিবাসে কর্মরত ছিলেন। অসুস্থ বাবা আব্দুল মোমেনকে দেখার জন্য তিন দিনের ছুটিতে বাড়ি আসেন। আজ রাতেই তার কর্মস্থলে যাওয়ার কথা ছিল। দুপুরে চার বন্ধু মিলে দু’টি মোটরসাইকেল যোগে রাজিবপুরে এক বন্ধুর বাড়িতে দাওয়াত খাওয়ার উদ্দেশে যাচ্ছিলেন তারা। পথে মধ্যে এ দুর্ঘটনার শিকার হয়ে একজন নিহত ও ৩ বন্ধু আহত হন।
রৌমারী থানার ওসি মো. জাহাঙ্গীর আলম জানান, ট্রাক্টরটি আটক করা হয়েছে, মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/এএম
