মুক্তিযোদ্ধাকে দেশ ত্যাগের হুমকি, জিডি

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ২১:২৮
 
সংখ্যালঘু সম্প্রদায়ের এক মুক্তিযোদ্ধাকে দেশ ত্যাগ করে ভারত চলে যাওয়া হুমকি দেয়ার অভিযোগে মানিকগঞ্জ ঘিওর উপজেলা পয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদের বিরুদ্ধে জিডি করা হয়েছে। সোমবার এ জিডি করা হয়।
 
ছোট পয়লা গ্রামের মুক্তিযোদ্ধা দিলীপ কুমার দত্ত জানান, কর্মস্থলের কারণে তিনি ৪০ বছর ধরে ঢাকায় থাকেন। প্রতিবেশী আব্দুর রাজ্জাক তার মৃত ভাই নিখিলের স্ত্রী গৌরী রানী দত্ত ও ভাতিজি শীলা রানী দত্তকে দিয়ে তার জমি আত্মসাত করার জন্য পরিকল্পনা করেন। জমিজমা নিয়ে আদালতে মামলা রয়েছে। মামলা চলাকালীন সময় তার অবর্তমানে স্থানীয় ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ বাড়ির সীমানা নির্ধারণ করেন। ৯ ফেব্রুয়ারি আব্দুর রাজ্জাক তার বাড়ির গাছ কাটতে আসেন। এসময় বাধা দিলে আব্দুর রাজ্জাক স্থানীয় ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদকে ডেকে আনেন। 
রশিদ ঘটনাস্থলে এসে তাকে অকথ্য ভাষায় গালমন্দ করেন। বিষয়টি সমাধান না করে রশিদ তাকে ভারত চলে যাওয়ার কথা বলেন। স্বেচ্ছায় ভারতে না গেলে তাকে তাড়িয়ে দেয়া হবে বলে চেয়ারম্যান হারুন অর রশিদ হুমকি দেন। যে কোনো সময় তার উপর আক্রমণ হতে পারে বা জীবননাশের শঙ্কায় তিনি সোমবার বিকেলে ঘিওর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
 
হারুন অর রশিদ জানান, দিলীপ কুমার দত্তকে ভারত চলে যাওয়ার কোনো হুমকি দেয়া হয়নি। দিলীপ তার ভাইয়ের জমিজমা আত্মসাত করার জন্য বিভিন্ন মামলা করেছেন।
 
ঘিওর থানার ওসি রবিউল ইসলাম জানান, দিলীপ কুমার দত্তের সাথে তার মৃত ভাইয়ের স্ত্রী গৌরী রানী দত্তের জমি নিয়ে মামলা মোকদ্দমা রয়েছে। স্থানীয় লোকজন ও চেয়ারম্যান একটি বণ্টননামা করে দিয়েছেন। বিষয়টি দিলীপ কুমার দত্ত মেনে নেয়নি। চেয়ারম্যান তাকে ভারত চলে যাওয়ার হুমকি দিয়েছেন মর্মে তিনি একটি জিডি করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 
 
ইত্তেফাক/আরকেজি