মাদারীপুর জেলা সদরের সৈদারবালি এলাকার হায়দার কাজী জুট মিলে সোমবার সন্ধ্যার দিকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে মিলটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আগুন নিয়ন্ত্রণে মাদারীপুরসহ ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করেছে। মেশিনরুম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ সম্ভব না হলেও কয়েক কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা কর্তৃপক্ষের।
মিল কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় হায়দার কাজী জুট মিলের মেশিন রুমের দক্ষিণ পাশ থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে পার্শ্ববর্তী বিল্ডিংসহ পাটের গুদামে আগুন ছড়িয়ে পরে। মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার নিত্যগোপাল সরকার বলেন, ‘আগুনের ভয়াবহতা এতই বেশি যে আমরা এক দিক দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি অন্য দিক দিয়ে জ্বলে ওঠে।
এ ব্যাপারে মিলের পরিচালক মুক্তার কাজী বলেন, ‘আমরা মিলের অফিসের মধ্যে বসেছিলাম। হঠাৎ শ্রমিকরা জুট মিল থেকে দৌড়ে বের হয়ে আসছে দেখে আমরা বাইরে যাই। শ্রমিকদের আগুন আগুন চিৎকার শুনি এবং ধুয়ার কুণ্ডলি দেখতে পাই। সঙ্গে সঙ্গে মাদারীপুর ফায়ার সার্ভিসকে ফোন করি। ফায়ার সার্ভিস আসতে আসতে দুটি পাটের গুদামসহ মিলের দুটি ইউনিটে আগুন ভয়াবহ রূপ নেয়। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই নিরূপণ করা সম্ভব নয়।’
ইত্তেফাক/কেআই
