প্রশ্নপত্র ফাঁসে জড়িত দুজনের বিরুদ্ধে রাউজান থানায় মামলা

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ২২:২৯

প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত রাউজানের দুই কিশোরের বিরুদ্ধে রাউজান থানায় মামলা করেছে র‌্যাব। ১২ জানুয়ারি সোমবার বিকাল সাড়ে ৪টায় র‌্যাবের একটি দল আটক দুজনকে রাউজান থানায় হস্তান্তর করে। আটক দুজন হলো, ডাবুয়া ইউনিয়নের জগন্নাথহাট এলাকার নুরুচ্ছাফার পুত্র নূরুল আফসার সবুজ (২০) এবং একই এলাকার শাহ আলমের পুত্র ইমরান হোসেন  মনির (১৭)। এই দুইজনের নামে পাবলিক পরীক্ষা আইনে রাউজান থানায় মামলা (মামলা নং-৯) হয়েছে।

জানা গেছে, এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে আসা ইমরান হোসেন প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার কথা স্বীকার করে সংবাদকর্মীদের বলেছে শতভাগ নিশ্চয়তায় একটি ফেসবুক গ্রুপ থেকে ৫শ টাকা দিয়ে প্রশ্নপত্র কিনে ২শ টাকা করে দুজনের নিকট বিক্রি করেছিল সে। প্রশ্ন কেনা-বেচায় তার চাচাতো ভাইয়ের বিকাশ নম্বারটি ব্যবহৃত হয়। এই অবস্থায় র‌্যাব মোবাইল ফোন ট্র্যাক করে তাদের আটক করে।

ইত্তেফাক/নূহু