অযোধ্যার বিতর্কিত জমি থেকে বাবরি মসজিদ সরিয়ে নেয়ার পক্ষে কথা বলে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের (এআইএমপিএলবি) কার্যনির্বাহী সদস্য সালমান নদবী রবিবার বোর্ড থেকে বহিষ্কৃত হয়েছেন। এ ব্যাপারে এআইএমপিএলবি এর পক্ষ থেকে বলা হয়েছে, এই অবস্থান বোর্ডের অবস্থানের বিরোধী বলে নদবীকে বহিষ্কার করা হয়েছে।
হায়দরাবাদে এআইএমপিএলবি’র ২৬তম প্লেনারি অধিবেশনে গতকাল বাবরি মসজিদ সরিয়ে নেয়ার প্রস্তাব রেখেছিলেন সালমান নদবী। বিতর্কিত জমি থেকে মসজিদ সরিয়ে নেয়া হোক, ওই জমিতে বিশ্ববিদ্যালয় তৈরি করা হোক। এমন প্রস্তাবই রেখেছিলেন নদবী। তার সেই মন্তব্যের ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে যায়। এতেই অস্বস্তিতে পড়ে এআইএমপিএলবি। সুপ্রিম কোর্টে এখন অযোধ্যা মামলার শুনানি চলছে এবং এআইএমপিএলবি অযোধ্যার বিতর্কিত জমিতেই বাবরি মসজিদ বহাল রাখার পক্ষে জোরদার অবস্থান নিয়েছে।
IMG0
এই সময়ে বোর্ডেরই এক কার্যনির্বাহী সদস্য উল্টো মত প্রকাশ করায় বোর্ডের অবস্থান দুর্বল হতে পারে বলে এআইএমপিএলবি কর্তারা মনে করেছেন। তাই নদবীর মন্তব্যের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই তাকে বহিষ্কার করা হয়েছে এআইএমপিএলবি থেকে। বোর্ডের অবস্থানের বিরোধিতা করেছেন বলেই তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়েছে। টাইমস অব ইন্ডিয়া।
ইত্তেফাক/সেতু
