কুষ্টিয়ার কুমারখালী থেকে অপহৃত আবুবক্কর নামের আড়াই বছরের এক শিশুকে মিরপুর থেকে উদ্ধার করেছে র্যাব-১২। এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে জহুরুল ইসলাম নামে একজনকে আটক করেছে র্যাব।
সোমবার সন্ধ্যায় উপজেলার সদরপুর ইউনিয়নের গোয়াবাড়িয়া এলাকা থেকে অপহৃত ওই শিশুকে উদ্ধার করে র্যাব-১২ এর একটি দল। আবুবক্কর কুমারখালী উপজেলার দুর্গাপুর এলাকার বাচ্চু শেখের ছেলে। কুষ্টিয়া র্যাব-১২ এর এএসপি হুমায়ন কবীর জানান, অপহরণকারীরা গতকাল ঐ শিশুটিকে অপহরণ করে আজ সোমবার ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।
পরে মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের গোয়াবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে বিল আমলা এলাকার নাসিরুল ইসলামের কাছ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এছাড়া আমলা বাজারে মুক্তিপণের টাকা নিতে আসা দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি এলাকার আবুল হোসেনের ছেলে জহুরুল ইসলামকে আটক করা হয়েছে। আটক জহুরুলকে আমলা পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে।
ইত্তেফাক/কেআই
