মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা ও তার শাখা নদীতে অভিযান চালিয়ে ৪ মণ জাটকা, ১ লাখ মিটার কারেন্ট জালসহ ৯জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। সোমবার সকালে মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শরজিৎ কুমার ঘোষের নেতৃত্বে পদ্মার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে জাটকা ও কারেন্ট জাল জব্দ করা হয়।
শরজিৎ কুমার ঘোষ জানান, সোমবার ভোর ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত পদ্মার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৪মণ জাটকা, ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় অবৈধভাবে জাটকা নিধন ও কারেন্ট জাল ব্যবহারের দায়ে ৯জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলো- মো. জিলানী (৪০), সুন্নত দাস (৩০), মো. ওসমান গনি (৩৫), মো. ওবায়দুল (২৫), মো. আবু সাঈদ (৩২), মো. মাঈন উদ্দিন (৩২), মো. মনির (৪০), মো. আবুল কায়েস (৫০) ও মো. খলিল (৪৫)।
পরে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকতা মো. মনির হোসেন মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত প্রত্যেককে ৫শ’ টাকা করে সর্বমোট ৫ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করেন। তাদের ছেড়ে দেয়া হয়েছে। জব্দকৃত জাটকা বিভিন্ন মাদ্রাসা ও এতিম ছাত্রদের মাঝে বিলিয়ে দেয়া হয়েছে। আর জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
ইত্তেফাক/আরকেজি
