মরে যাচ্ছে গোড়াই-সখীপুর সড়কের মূল্যবান গাছ

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ০০:৫৯

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সংযোগ রোড গোড়াই-সখীপুর সড়কের বিভিন্ন অংশে অনেক মূল্যবান গাছ অজ্ঞাত রোগে মরে যাচ্ছে। প্রশাসনের নজরদারি না থাকায় মূল্যবান ওই গাছ স্থানীয় লোকজন প্রকাশ্যে ও রাতের আঁধারে কেটে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। মির্জাপুর উপজেলার হাটুভাঙ্গা থেকে গোড়াই-সখীপুর সড়কের সখীপুর পর্যন্ত সড়কের দূরত্ব প্রায় ৩০ কি.মি.। এই সড়কের দু পাশে সড়ক ও জনপথ বিভাগের সহযোগিতায় শিশু গাছ, শিল-কড়ই, মেহগনিসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়েছে। কোনো কোনো গাছের বয়স ২০-২৫ বছরও হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এদিকে গত কয়েক মাস ধরে এই সড়কের বিভিন্ন প্রজাতির মূল্যবান গাছ অজ্ঞাত রোগে মরে যাচ্ছে। এলাকাবাসী অভিযোগ করেছে, গোড়াই-সখীপুর সড়ক ও বনাঞ্চলের আশেপাশে অবৈধভাবে ইটভাটা গড়ে ওঠায় ইটের কালো ধোঁয়ায় বাতাসে মিশে পরিবেশ দূষিত হয়ে গাছপালা মরে যাচ্ছে। তবে এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোঃ নাজমুল আলমের সঙ্গে বিস্তারিত জানার জন্য যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

ইত্তেফাক/নূহু