ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের রাজধরপুর এলাকায় মধুখালী থানা পুলিশ অভিযান চালিয়ে ৮৩ ভরি স্বর্ণালঙ্কারসহ এক ব্যক্তিকে আটক করেছে। গতকাল সোমবার বিকেলে তাকে এ অভিযান চালানো হয়।
আটককৃতের নাম সাইদুর রহমান (৪০)। তার বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার সাংগাড়িয়া কুড়ি গ্রামে।
মধুখালী থানার ওসি মো. মিজানুর রহমান জানান, ঢাকা-খুলনা মহাসড়কের কামাখালী আড়পাড়া রাজধরপুর এলাকার গড়াই সেতুর অদূরে পূর্বাশা পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এসময় সাইদুর রহমানের পায়ের সাথে অভিনব কায়দায় বাঁধা চারটি প্যাকেট জব্দ করা হয়। প্যাকেটে ভারতীয় তৈরি স্বর্ণের বিভিন্ন চেইন, আংটিসহ মোট ৮৩ ভরি ৫ আনা স্বর্ণ জব্দ করা হয়। এ ব্যাপারে মধুখালী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
ইত্তেফাক/এসএস
