দত্তক নেয়া ছেলের হিন্দু মতে বিয়ে দিল মুসলিম পরিবার

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:২৬
ধর্ম পরিচয়ের চেয়ে সন্তান প্রেম যে অনেক বড়, সেটাই প্রমাণ করল দেহরাদূনের এক মুসলমান পরিবার। হিন্দু পরিবার থেকে দত্তক নেয়া ছেলেকে তারই ধর্ম এবং সংস্কারে বড় করে তোলা যায়, সে দৃষ্টান্ত আগেই তৈরি করেছিলেন ভারতের দেহরাদূনের বাসিন্দা মউনুদ্দিন এবং তার স্ত্রী কওসার। 
 
এ বার তার বিয়েও দিলেন হিন্দু রীতি মেনেই। গত ৯ ফেব্রুয়ারি, বিয়ে হয় রাকেশ রাস্তোগি নামে ওই যুবকের। তার স্ত্রী সোনি হিন্দু পরিবারের মেয়ে। 
 
সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে রাকেশ বলেছেন, ‘ছোট থেকেই আমি দোল, দিওয়ালি-সহ হিন্দুদের যাবতীয় উৎসব এবং পার্বণে অংশে নিয়েছি। আব্বা-আম্মু কখনো আপত্তি করেনি। ওঁরা আমাকে খুব ভালবাসেন এবং যে কোনো কাজেই উৎসাহ দিয়েছেন। এমনকী আমার বিয়েতেও।’ 
 
রাকেশের বয়স যখন ১২ বছর তখন তাকে দত্তক নিয়েছিল মউনুদ্দিন দম্পতি। ছোট থেকে হিন্দু সংস্কৃতি মেনেই রাকেশকে বড় করে তুলেছিলেন তারা। কখনো তার উপর ধর্মীয় নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়া হয়নি। তাই দোল হোক বা আলোর উৎসব— নিজের বাড়িতেই পালন করেছেন রাকেশ। তার কথায়, ‘আমি বুঝতেই পারিনি একটি মুসলিম পরিবারে বেড়ে উঠছি। পুজোআচ্চাও নিজের মতো করে করতাম।’ আনন্দ বাজার
 
ইত্তেফাক/ইউবি