সাভারে নকল করে ধরা পড়ায় এক ছাত্রী পরীক্ষা কেন্দ্রের দোতলা ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেছে। মঙ্গলবার সকালে সাভারের অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত ওই ছাত্রী এবার সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
শিক্ষকরা জানান, মঙ্গলবার সকালে সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের দোতলা ভবনের একটি কক্ষে পদার্থ বিজ্ঞান পরীক্ষা দিচ্ছিল ওই ছাত্রী। একপর্যায়ে সে বাড়ি থেকে ‘বা’হাতে লিখে আনা নকল দেখে পরীক্ষায় লেখা শুরু করেন। এ সময় কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন নকল করার বিষয়টি দেখতে পেয়ে ওই ছাত্রীর খাতা নিয়ে নেন। এ ঘটনায় কোন কিছু বুঝে উঠার আগেই ওই ছাত্রী কেন্দ্রের তোতলা ভবনের বারান্দা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করে। এসময় স্কুল কর্তৃপক্ষ দ্রুত তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব রতন পিটার গমেজ জানান, ওই ছাত্রী নকল করায় তাকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে এবং সে আর পরীক্ষা দিতে পারবে না।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমজাদুল হক জানান, আহত ওই ছাত্রীর যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। বর্তমানে সে আশঙ্কামুক্ত ।
ইত্তেফাক/ইউবি
