জাতিসংঘ বলেছে, রোহিঙ্গা সমস্যার সমাধান মিয়ানমারের হাতে। এক্ষেত্রে বাংলাদেশকে আমাদের সমর্থন দিতে হবে। গতকাল মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মিয়ানমার নিয়ে এক আলোচনায় এসব কথা বলেন সংস্থাটির শরণার্থী বিষয়ক হাইকমিশনের কমিশনার ফিলিপ্পো গ্রান্ডদি। জেনেভা থেকে এক ভিডিও কনফারেন্সে তিনি আলোচনায় অংশ নেন।
ফিলিপ্পো গ্রান্ডদি বলেন, আমরা বারবারই বলে আসছি, রোহিঙ্গা সমস্যার সমাধান মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়। তাদের ওপর চাপ প্রয়োগ করেই সমস্যার সমাধান করতে হবে। আর রোহিঙ্গাদের নিয়ে সমস্যায় আছে বাংলাদেশ। দেশটির পাশে আমাদের দাঁড়াতে হবে। তিনি বলেন, মানবিক সহায়তায় তহবিলের জোগান অব্যাহত রাখতে হবে। দেশটির অবকাঠামো এবং অর্থনীতির উন্নতিতে আমাদের সহায়তা করতে হবে। ফিলিপ্পো আরো বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবসনে কোনো ধরনের শর্ত কাম্য নয়।
এদিকে সিএনএন জানায়, মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান ড্যান কোটস বলেছেন, রোহিঙ্গা সংকট সন্ত্রাসীদেরকে সুযোগ করে দিয়েছে। তারা এদের মধ্য থেকে সদস্য নিয়োগ দিতে পারে। এই সংকট বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে উত্তেজনা বাড়াতে পারে বলেও হুঁশিয়ার করেন তিনি।
গতাকল মার্কিন সিনেটের গোয়েন্দা কমিটিতে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ওই অঞ্চলে অস্থিরতার কারণে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়াতে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সদস্য নিয়োগের সুযোগ বৃদ্ধি পেয়েছে। চীনা অর্থনৈতিক ও কূটনৈতিক চাপে এই অঞ্চলের দেশগুলোর পররাষ্ট্রনীতি বাস্তবায়ন কঠিন হবে বলে দাবি করেন তিনি।
ইত্তেফাক/আনিসুর
