হারিয়ে গেছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী কলার পাতায় মজলিস খাবার। এক সময় কলা গাছের পাতা ছিল মজলিস খাবারের প্রধান আকর্ষণ। যে অনুষ্ঠানে খাবারের আয়োজন ছিল সে অনুষ্ঠানের জন্য ৮/১০দিন আগে থেকেই স্থানীয় বিভিন্ন বাগান থেকে কলাপাতা সংগ্রহের ধুম পড়ে যেত। বর্তমানে একবার ব্যবহার উপযোগী থালা আর গ্লাস অতি সহজেই বাজারে পাওয়া যাওয়ায় কলার পাতায় আর খাবার পরিবেশন করা হয় না।
সরেজমিনে গিয়ে নওগাঁর বদলগাছী উপজেলার বিভিন্ন গ্রামের কিছু বয়স্কদের কাছে কলা পাতায় মজলিস খাবারের বিষয় জানতে চাইলে তারা বিভিন্ন স্মৃতিচারণ করেন। উপজেলার পাহাড়পুর ইউপির পাঁচঘড়িয়া গ্রামের কছিমদ্দীন (৬৫) ও আবু তালেব (৬৭) জানান, ২০-২৫ বছর আগে কলার পাতা ছাড়া কোন মজলিসে খাওয়া হতো না। মজলিসের দিন তারিখ ঠিক হওয়ার ১০-১২দিন আগে থেকেই কলাপাতা সংগ্রহ করতে ব্যস্ত থাকতো যুবক-ছেলেরা। আর আত্মীয়-স্বজন ও গ্রামবাসী সবাই মিলে সারি-সারি মাটিতে বসে আলুঘাটি আর ভাত কলাপাতায় রেখে খাওয়া হতো।
আধাইপুর ইউনিয়নের সাদিসপুর গ্রামের কাবেজ উদ্দীন (৫৫) ও সোলেমান আলী (৬০) এবং বালুভরা ইউনিয়নের মির্জাপুর গ্রামের সায়মা বেওয়া (৬১) ও কোমারপুর গ্রামের সাহেব আলী (৭০) বলেন, 'বর্তমানে প্লাস্টিকের ওয়ান টাইম প্লেট আর গ্লাসে হারিয়ে গেছে আগের সেই দিন, সেই ঐতিহ্য। আর চোখে পড়ে না সেই কলার পাতায় মজলিস খাওয়া।' তারা আরও বলেন, 'তাছাড়া আগের মত আর কলার পাতার প্রয়োজন হয় না। বর্তমান যুগের মানুষ ওইসব কলার পাতায় খাওয়া ভুলে যেতে বসেছে। কারণ- এখন ১-২টাকা হলেই পাওয়া যায় ওয়ান টাইম প্লাস্টিকের প্লেট-গ্লাস।'
ইত্তেফাক/এসএস
