লক্ষ্মীপুরে দুই ডাকাতদলের মধ্যে গোলাগুলিতে একাধিক মামলার পলাতক আসামি জাবেদ মিন্টু নামে এক ডাকাত নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে সদর উপজেলার দিঘলী ইউনিয়নের খাগুড়িয়া বেড়ীর বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
চন্দ্রগঞ্জ থানা পুলিশ জানায়, ডাকাতির মালামাল ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে দুই ডাকাতদলের গোলাগুলিতে জাবেদ মিন্টু নামের ওই ডাকাত নিহত হয়েছে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশীয় এলজি, ৮ রাউন্ড গুলি, একটি চাপাতি ও দুইটি রামদাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত মিন্টু সদর উপজেলার চরশাহী ইউনিয়নের হোসেন আহম্মদের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
ইত্তেফাক/এসএস
