হবিগঞ্জে সংঘর্ষে ১০জন গুলিবিদ্ধসহ আহত ২০

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:০৭
 
হবিগঞ্জের বাহুবলে বিরোধপূর্ণ টিলা দখল নিয়ে গ্রামবাসীর সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এসময় পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে। এতে ১০জন গুলিবিদ্ধসহ অন্তত ২০জন আহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে এ ঘটনা ঘটে।
 
স্থানীয়রা জানান, এলাকাবাসী ১৭ একর ৫৭ শতাংশ টিলা ভূমি ভোগদখল করে আসছে। ওই জমি জেমস ফিনলে কোম্পানির রামপুর চা বাগানকে লিজ দেয় সরকার। এ নিয়ে গ্রামবাসী আদালতে মামলাও দায়ের করে। মামলাটি আদালতে বিচারাধীন থাকা অবস্থায় উপজেলা নির্বাহী অফিসার জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশ বুধবার ওই জমি দখলমুক্ত করতে যায়। তখন গ্রামবাসী বিক্ষুব্ধ হয়ে উঠলে পুলিশ রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
 
গুলিবিদ্ধরা হলেন- আব্দাল মিয়া, ইদ্রিস মিয়া, আব্দুর রশিদ, রেনু মিয়া, জুয়েল মিয়া, হাবিব উল্লাহ, আজাদ, শাহীন মিয়া, আল আমিন ও সোহেল মিয়া।
 
উপজেলা নির্বাহী অফিসার জসিম উদ্দিন জানান, জমিটি সরকারি। প্রায় ৩২ বছর আগে বাগান কর্তৃপক্ষকে এটি লিজ দেয়া হয়েছিল ৪০ বছরের জন্য। কিন্তু গ্রামবাসী তা দীর্ঘদিন ধরেই দখল করে রেখেছে। বাগান কর্তৃপক্ষ সম্প্রতি জমিটি আবাদ করার উদ্যোগ নেয়। এর প্রেক্ষিতে জমিটিতে কোন স্থাপনা নির্মাণ না করতে বলা হয়। কিন্তু তা না মেনে তারা এটি করেছে। তাদের নিয়ে একাধিকবার আলোচনা ও আবেদন করতে বলা হয়েছে। আইন অনুযায়ী তাদের জমি দেয়ার কথা বলেছি। কিন্তু তারা কোনটিই করেনি।
 
ইত্তেফাক/আরকেজি