পূজা অনেক সুইট একটা মেয়ে। ওর মধ্যে ভালো অভিনয় করার ক্ষমতা রয়েছে, সেটা বের করে আনতে হবে। যদিও পূজা একটু দুষ্টু হয়ে যাচ্ছে। তারপরেও ওকে ঠিক মত নির্দেশনা দিতে হবে। তাহলেই পূজা হবে আগামীর সুপারস্টার। বাংলাদেশি মেয়ে পূজা চেরিকে নিয়ে কথাগুলো বলছিলেন কলকাতার সুপারহিট নির্মাতা রাজ চক্রবর্তী।
পূজা অভিনীত ‘নূর জাহান’ ছবির মুক্তি উপলক্ষে সোমবার ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রাজ চক্রবর্তী বলেন, আজিজ ভাই যখন আমার কাছে পূজাকে পাঠালেন তখন আমি তার লুক টেস্ট নেই। এরপর আজিজ ভাইকে শুধু একটাই কথা বলি, পূজাকে আমার কাছে দিয়ে দেন।
ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘নূর জাহান’। তবে এই ছবিটি পরিচালনা নয়, ইন্ডিয়া থেকে একাংশের প্রযোজনা করেছে রাজ চক্রবর্তীর প্রডাকশন হাউজ। সেই হিসেবে রাজ চক্রবর্তী এ ছবির প্রযোজক।
IMG0
রাজ চক্রবর্তী আরো বলেন, সিনেমা নির্মাণ করা আমার ফ্যাশন। সবসময় আমি নতুনদের নিয়ে বেশি কাজ করি। বোঝে না সে বোঝে না, চিরদিনই তুমি যে আমার, লে ছক্কা এসব ছবি যখন বানিয়েছিলাম দেব, সোহম নতুন ছিল। পূজাও এখন নতুন। ওর মধ্যে সম্ভাবনা দেখেছি বলেই ওকে কাজে নিয়েছি। সত্যি কথা বলতে কি সুপারস্টার নিয়ে ছবি বানানোর আগ্রহ আমার কম। আপনারা আপনাদের পূজাকে সাপোর্ট করুন। আমাদের পাশে থাকুন।
‘নূর জাহান’ ছবিতে পূজার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার নবাগত নায়ক আদিত।
রাজ চক্রবর্তী বলেন, কলকাতার চেয়ে এদেশে মানুষ বাংলা সিনেমা বেশি পছন্দ করে। এখানে ভালো ছবি বানাতে পারলে অবশ্যই দর্শক গ্রহণ করবে। শুধু মনোযোগ দিয়ে ছবি বানাতে পারলেই হবে।
১৬ ফেব্রুয়ারি কলকাতায় ৭০ এবং বাংলাদেশে ৩০ টির মত সিনেমা হলে ‘নূর জাহান’ মুক্তি পেতে যাচ্ছে। এই ছবির মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক হতে যাচ্ছে পূজার।
ইত্তেফাক/ রেজা
