পরীক্ষার্থীকে পানিতে ফেলে হত্যার অভিযোগ বন্ধুদের বিরুদ্ধে

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৫৮
 
নারায়ণগঞ্জের ফতুল্লায় ভালোবাসা দিবসের আনন্দ শেষে বাড়ি ফেরার পথে বুড়িগঙ্গায় ডুবে রাকিবুল ইসলাম শান্ত (১৬) নামে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে পাগলা এলাকায় বুড়িগঙ্গা নদীতে এঘটনা ঘটে। পাগলা কোস্ট স্টেশনের সদস্যরা এক ঘণ্টা অভিযান চালিয়ে তার মৃতদেহ উদ্ধার করে। 
 
শান্ত ফতুল্লার পাগলা নয়ামাটি এলাকার মিলন মিয়ার বাড়ির ভাড়াটিয়া শফিকুল ইসলাম রতনের ছেলে। সে পাগলা উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষা দিচ্ছে।
 
এদিকে শান্তর মায়ের অভিযোগে নৌ পুলিশ ৪ বন্ধুকে আটক করেছে। আটককৃতদের মধ্যে তিনজন এসএসসি পরীক্ষার্থী।
 
আটককৃতরা হলো-ফতুল্লার পাগলা নয়ামাটি এলাকার আবুল বাশারের ছেলে এসএসসি পরীক্ষার্থী রুবেল, একই এলাকার হাকিম হাওলাদারের ছেলে এসএসসি পরীক্ষার্থী সজিব, আমির হোসেনের ছেলে এসএসসি পরীক্ষার্থী মেহেদী হাসান শুভ ও একই এলাকার মোখলেছের ছেলে ওয়ার্কসপের শ্রমিক রাব্বি।
 
আটককৃতদের বরাত দিয়ে পাগলা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই ফরহাদ আলম জানান, শান্ত তার বন্ধুদের সাথে বাড়ি থেকে বুড়িগঙ্গা নদীর অপারে কেরানীগঞ্জের পানগাও এলাকায় ভালোবাসা দিবস উপলক্ষে ঘুরতে যায়। সেখানে আনন্দ শেষে বাড়ি ফেরার পথে একটি ট্রলারে বিকেল বুড়িগঙ্গা নদী পাড় হওয়ার সময় মাঝ নদীতে শান্ত ট্রলার থেকে পড়ে পানিতে ডুবে যায়।
 
তবে নিহতের মায়ের অভিযোগে ৪জনকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত চলছে এবং ময়নাতদন্ত রিপোর্টে মৃত্যুর কারণ জানা যাবে।
 
বন্ধুদের দাবী অস্বীকার করে শান্তর মা আসমা বেগম বলেন, শান্তকে পরিকল্পিতভাবে নদীতে ফেলে হত্যা করেছে তার বন্ধুরা। আমি এর বিচার চাই।
 
ইত্তেফাক/আরকেজি