পহেলা বৈশাখের অনুষ্ঠানে আসার পথে স্কুলছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা, কিশোর আটক

আপডেট : ১৪ এপ্রিল ২০১৯, ১৭:০৫

ফরিদপুরের নগরকান্দায় পহেলা বৈশাখের উৎসবে আসার পথে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী শ্লীলতাহানি চেষ্টার শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নগরকান্দা উপজেলার ঈশ্বরদী গ্রামের জালাল মিয়ার ছেলে আমজাদ হোসেন মিয়াকে (১৭) আটক করেছে নগরকান্দা থানা পুলিশ।

বাংলা নববর্ষ ১৪২৬ সাল বরণ করতে রবিবার সকালে মেয়েটি ঈশ্বরদী গ্রামের তার বাড়ি থেকে উপজেলা সদরে এসএমএ বালিকা উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে আসছিলো। পথে শ্লীলতাহানি চেষ্টার শিকার হয় সে। আমজাদ হোসেনকে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

শ্লীলতাহানির শিকার স্কুল শিক্ষার্থী অভিযোগ করে বলেন, ‘আমজাদ আমার স্কুলে আসা-যাওয়ার পথে প্রায় সময় আমাকে বিরক্ত করে। বিষয়টি আমার অভিভাবকে জানালে তারা আমার ওপর ক্ষিপ্ত হয়। রবিবার স্কুলের অনুষ্ঠানে আসার সময় পথ আটকিয়ে বলে নালিশ যেহেতু করেছিস এবার তোর সর্বনাশ করবো। এই বলে আমার দুই হাত শরীরের উল্টোদিকে মুচড়িয়ে ধরে টেনে হিঁচড়ে রাস্তার খাদে নেওয়ার চেষ্টা করে। আমি চিৎকার করলে আমার অভিভাবকরা আমাকে উদ্ধার করে।’

এসএমএ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলী মিয়া বলেন, ‘অষ্টম শ্রেণির এক ছাত্রী পহেলা বৈশাখের উৎসবে অংশ নিতে স্কুলের পোশাক পরে রবিবার সকালে তার বাড়ি থেকে বিদ্যালয়ে আসছিলো। আসার পথে ঈশ্বরদী সড়কের ওপর মেয়েটির শ্লীলতাহানির চেষ্টা করে ঈশ্বরদী গ্রামের জালাল মিয়ার ছেলে আমজাদ হোসেন মিয়া (১৭)। মেয়েটির অভিভাবক ও প্রত্যক্ষদর্শীরা বিষয়টি আমাকে জানায়। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করি।’

আরও পড়ুনঃ ঝালকাঠিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদরুদ্দোজা শুভ বলেন, ‘রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দীর্ঘ সময় উভয়পক্ষের উপস্থিতিতে শুনানি শেষে আমজাদ হোসেন মিয়ার অপরাধ প্রমাণিত হয়। অপরাধটি ভ্রাম্যমাণ আদালতের বিচারের উর্দ্ধে হওয়ায় আমজাদের বিরুদ্ধে নিয়মিত মামলায় বিচার করার নির্দেশ দেওয়া হয়েছে।’

ইত্তেফাক/নূহু