মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৩০
কুমিল্লা মুরাদনগর উপজেলায় এক সড়ক দুর্ঘটনায় আমিনুল ইসলাম বেলাল (৩৮) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িসহ হেলপারকে আটক করেছে স্থানীয়রা। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় মুরাদনগর থানার সামনে মুরাদনগর-ইলিয়েটগঞ্জ সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
 
নিহত আমিনুল ইসলাম বেলাল উপজেলার ভূবনগর গ্রামের মৃত্যু দুধ মিয়ার ছেলে ও ভূবনগর গ্রামের রাইজিং সান কিন্ডার গার্ডেনের সাবেক প্রিন্সিপাল ছিলেন। আটককৃত হেলপার হাবিব (২০) জেলার দাউদকান্দি উপজেলার রায়পুর গ্রামের নাছির উদ্দিনের ছেলে।
 
প্রত্যক্ষদর্শী মহসিন হায়দার জানায়, শিক্ষক আমিনুল ইসলাম বেলাল সকালে নিজ বাড়ি থেকে হেটে মুরাদনগর আসছিল। মুরাদনগর থানার সামনে আসা মাত্র পিছন দিক থেকে আসা অপার একটি ট্রাক বেলালকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। এ সময় জনতা গাড়িসহ হেলপার হাবিবকে আটক করে পুলিশে দেয়।
 
এ বিষয়ে মুরাদনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. অর্জুন জানান, এ ঘটনায় গাড়ি ও হেলপারকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতের (মর্গে) প্রেরণ করা হয়েছে। চালকের আসনে হেলপার থাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। বর্তমানে মামলার প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/এসএস