২০১৪ সালের লোকসভা নির্বাচনের চেয়ে ২০১৯-এ বেশি সংখ্যক আসন পাবে বিজেপি। জম্মু-কাশ্মীরের কাঠুয়ায় নির্বাচনী প্রচারে রবিবার এই দাবি করলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৪-র ভোটে মোদী-ঢেউয়ে খড়কুটোর মতো উড়ে গিয়েছিল বিরোধীরা। এবারে সেই ঢেউ আরও শক্তিশালী হয়েছে বলে দাবি তার। টাইমস অব ইন্ডিয়া।
জম্মু-কাশ্মীরের জন্য পৃথক প্রধানমন্ত্রীর কথা বলায় ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহকে তীব্র কটাক্ষ করেন মোদী। তিনি বলেন আবদুল্লাহ এবং মুফতি পরিবার কাশ্মীরের তিনটি প্রজন্মকে শেষ করে দিয়েছে। এই কারণেই সাধারণ মানুষ তাঁদের ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে।
শনিবার জালিয়ানওয়ালাবাগে উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডুর আয়োজিত অনুষ্ঠানে পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং-এর না থাকা নিয়েও কটাক্ষ করেন মোদী। কংগ্রেস পরিবারের প্রতি নিজের ভক্তি দেখাতেই অমরিন্দর সিং উপ-রাষ্ট্রপতির অনুষ্ঠান বয়কট করেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী।
বিজেপির এনডিএ জোটের সঙ্গে হাত মিলিয়ে ২০১৪ সালে ভোটে লড়েছিল মেহবুবা মুফতির দল পিডিপি। ৬টি আসনের ৩টি বিজেপি এবং একটি পিডিপি পেয়েছিল। পরিবর্তিত সময়ে জোট থেকে বেরিয়ে আসেন মেহবুবা মুফতি।
আরও পড়ুনঃ ফেনীর পুলিশ-প্রশাসন নিয়ে যা বললেন সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট
পিডিপিকে খোঁচা দিয়ে মোদী বলেন, ‘আবদুল্লাহ-মুফতি পরিবার জম্মু-কাশ্মীরের উজ্বল ভবিষ্যত ধ্বংস করতে চাইছে। কিন্তু কারোর কাছে মোদি বিক্রি হয় না, ভয় পায় না, মাথা নোয়ায় না।’
ইত্তেফাক/টিএস
