সিলিং ফ্যানের আগুনে পাঁচজন দগ্ধ

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ২১:২৮
রাজধানীর মুগদা এলাকার একটি বাসায় চলন্ত সিলিং ফ্যানে আগুন লেগে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। গত বুধবার রাত সাড়ে ১২ টার দিকে মনিকনগর কুমিল্লা পট্টির ২৮ নম্বর টিনশেড বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। 
 
তারা হলেন- শিফার আলী (৫০), তার মেয়ে তানজিল (২০), ছেলে আল আমিন (১৮), ছেলে মুরাদ (১২) ও নাতি রনি (১৯)। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। 
 
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, দগ্ধদের মধ্যে শিফারের শরীরের ২১ শতাংশ, তানজিলের ২৫ শতাংশ, আল আমিনের ১৭ শতাংশ, মুরাদের ৫৪ শতাংশ ও রনির ৬ শতাংশ পুড়ে গেছে। এদের মধ্যে শিফার, আল আমিন ও মুরাদকে হাই ডিপেনপেন্সি ইউনিটে (এইচডিইউ) ভর্তি করা হয়েছে। রনি ছাড়া সবার অবস্থা আশঙ্কাজনক। দগ্ধদের বাড়ি কুমিল্লার তিতাস থানার বালুয়াকান্দীতে। 
 
শিফার আলীর জামাই রজ্জব আলী জানান, কুমিল্লা পট্টির আতিকুল্লাহ্ বাড়ীতে তারা ভাড়া থাকেন। তিনি শিফার আলীর পাশের রুমে থাকেন। রাত সাড়ে ১২টার দিকে টিভি দেখার সময় বিকট শব্দ শুনতে পান। বাইরে এসে দেখেন শিফার আলীর ঘরে আগুন জ্বলছে। দ্রুত প্রতিবেশীদের সহায়তায় তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। চলন্ত সিলিং ফ্যান থেকে আগুনের সুত্রপাত। আগুনে ওই বাসার সব মালামাল পুড়ে গেছে। 
 
ইত্তেফাক/ইউবি