গৌরনদীতে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ০০:৩৯

বরিশালের গৌরনদী গালর্স স্কুল এন্ড কলেজের দশম শ্রেনীর ছাত্রী জান্নাত আক্তারের (১৬) গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গৌরনদী পৌরসভার দিয়াসুর গ্রামে এ ঘটনা ঘটে। সে  ওই এলাকার নছিমন চালক মো. হারুন খানের কন্যা।
ধারণা করা হচ্ছে, ১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবসে প্রেমিকের সাথে অভিমান করে জান্নাত গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

গৌরনদী মডেল থানার এস.আই. মেহেদী হাসান জানান, প্রতিদিনের ন্যায় স্কুলছাত্রী জান্নাত আক্তার  বৃহস্পতিবার সকালে প্রাইভেট পড়ে সকাল ১০টার দিকে বাড়ি ফিরে আসে। ছাত্রীর মা ভাত খেতে ডাকাডাকি করলে সে ভাত না খেতে এসে শয়ন কক্ষে বসে থাকে। সকাল সাড়ে ১০টার দিকে ছাত্রীর মা ঘরে  ঢুকে দেখতে পায় তার কন্যা জান্নাত গলায় ওড়না পেচিয়ে ঘরের আড়ার সাথে ঝুলছে। তাৎক্ষনিক স্বজনরা মুমূর্ষ অবস্থায় জান্নাতকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছে ছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গতকাল দুপুরে বরিশাল মর্গে প্রেরন করেন। এরপর ঘটনাস্থল পরিদর্শন করে একটি ডায়রী উদ্ধার করা হয়। ওই ডায়রীতে ছাত্রীর নিজ হাতে লেখা রয়েছে, '১৪ ফেব্রুয়ারি সকলে আনন্দের দিন, আর আমার হলো মরনের দিন।' এতে পুলিশের প্রাথমিক ভাবে ধারনা হচ্ছে, ভালবাসা দিবসে প্রেমিকের সাথে অভিমান করে জান্নাত গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

এ ব্যাপারে নিহত ছাত্রীর বাবা হারুন খান বাদি হয়ে থানায় একটি ইউডি  মামলা দায়ের করেছেন।

ইত্তেফাক/নূহু