সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সংসদকে জানিয়েছেন, বন্দর নগরী চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিতব্য দেশের প্রথম টানেলের বোরিং কাজ শুরু হবে আগামী সেপ্টেম্বরে। ইতোমধ্যে তৈরি হওয়া বোরিং মেশিনটি আগামী মে মাসে চীন থেকে বাংলাদেশে নিয়ে আসা হবে। গতকাল বৃহস্পতিবার সংসদে টেবিলে উপস্থাপিত প্রশ্নোত্তরে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা জানান।
কর্ণফুলীর টানেলের ব্যাপারে ওবায়দুল কাদের জানান, ইতোমধ্যে প্রকল্প এলাকায় ঠিকাদারের ক্যাম্প, আবাসন ও ব্যাচিং প্ল্যান্ট, গভীর নলকূপ স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। এর আগে ২০১৪ সালের জুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরকালে এই টানেল নির্মাণে সেদেশের সরকারের সঙ্গে সমঝোতা চুক্তি হয়। পরবর্তী বছরের জুনে চীন সরকারের মনোনীত প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করে বাংলাদেশ। একই বছরের ২৪ নভেম্বর প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদে (একনেক) অনুমোদিত হয়। সড়ক পরিবহন মন্ত্রী জানান, ঋণচুক্তিতে চীন সরকারের কাছ থেকে পাওয়া প্রথম কিস্তির ১৪১ দশমিক ১৬ মিলিয়ন মার্কিন ডলার গত ডিসেম্বরে ঠিকাদারকে দেওয়া হয়েছে।
যশোরের সংসদ সদস্য মনিরুল ইসলামের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান, চলতি অর্থবছরে সারা দেশে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) ১২৫টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এরমধ্যে তৃতীয় কর্ণফুলী সেতু নির্মাণ প্রকল্পও রয়েছে।
এদিকে, সংরক্ষিত মহিলা আসনের সরকার দলীয় সংসদ সদস্য বেগম শিরিন নাঈমের প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী মুজিবুল হক সংসদকে জানান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে কক্সবাজার পর্যন্ত রেল সেবা পৌঁছে যাবে। এতে ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব ৯০ কিলোমিটার কমবে।
ইত্তেফাক/নূহু
