গফরগাঁওয়ে ভবনের ছাদ ধসে নিহত ১, আহত ৮

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:১৭
ময়মনসিংহের গফরগাঁওয়ে নির্মাণাধীন অডিটোরিয়াম ভবনের ছাদ ধসে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৮জন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত শ্রমিকের নাম জাহান (২৫)। তার বাড়ি নেত্রকোনার দূর্গাপুরে।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকালে গফরগাঁও পৌর শহরের কেবি ইসমাঈল রোডে ময়মনসিংহ জেলা পরিষদের অর্থায়নে ৫শ' আসন বিশিষ্ট অডিটোরিয়ামের দ্বি-তল ভবনের ছাদ ঢালাই চলাকালে একাংশ ধ্বসে পড়ে। এ সময় এর নীচে চাপা পড়ে ৯ শ্রমিক আহত হন। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আহতদের উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় মো. জাহান (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়। আহত ৮জন গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।
 
ইত্তেফাক/এসএস