ভাইকে বাঁচাতে গিয়ে কলেজছাত্র নিহত

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৩২
মোহনগঞ্জে ছোট ভাইকে বাঁচাতে গিয়ে পিকআপের ধাক্কায় কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার বেলা পৌনে এগারটার দিকে মোহনগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত কলেজছাত্র আশরাফুল সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার আবুয়াচর গ্রামের আলতু মিয়ার ছেলে। তিনি নেত্রকোনা সরকারি কলেজের ইতিহাস বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন। এছাড়াও তিনি ধর্মপাশা সদর ইউনিয়ন শাখা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন। 
 
মোহনগঞ্জ থানার ওসি আনসারী জিন্নাৎ আলী জানান, আশরাফুল তার ছোট ভাইকে নিয়ে ধর্মপাশা থেকে নেত্রকোনায় যাওয়ার পথে মোহনগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় নেমে সড়ক দিয়ে হাঁটছিলেন। এসময় একটি পিকআপ দ্রুতগতিতে যাচ্ছিল। আশরাফুল তার ছোট ভাইকে বাঁচাতে গিয়ে নিজেই পিকআপের ধাক্কায় গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
 
ইত্তেফাক/আরকেজি